নরসিংদী-৩ শিবপুর আসনে ভোর থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী এলাকায় ঘুরে পথসভা ও গণসংযোগ করে ভোটারদের সঙ্গে কথা বলছেন বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী। দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। বলেন, নির্বাচিত হলে শিবপুরের শিক্ষিত ২০ হাজার বেকারের বেকারত্ব দূর করতে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। এলাকার মানুষের চাহিদা অনুযায়ী সিনিয়র নেতৃবৃন্দের সাথে পরামর্শ ও আলোচনা করে শিবপুরের সব উন্নয়ন করবেন। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চান তিনি।
শনিবার(৭ ফেব্রুয়ারি) বিকেলে শিবপুর পৌরসভার আড়ালী ঈদগাহ মাঠে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মনজুর এলাহী।
তিনি এসময় আরও বলেন, বিগত ১৭ বছরে শিবপুরে তেমন উন্নয়ন হয়নি। আমি নির্বাচিত হলে অবকাঠামো, শিক্ষা, এবং স্বাস্থ্য খাতের সামগ্রিক উন্নয়ন করবো ইনশাআল্লাহ।
আগামী ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে ও নিঃসংকোচে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। তাঁর ভাষায়, ধানের শীষ বিজয়ী হলে শিবপুরের সকল মানুষের জন্য নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তোলা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম মোল্লা, সদস্য সচিব আবেদ হাসান জজ মিয়া সহ উপজেলা ও পৌর বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।