বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ফেনী-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যাপক জয়নাল আবদিন বলেছেন, “বিএনপি আগামীতে ক্ষমতায় এলে দেশে চলমান সমস্ত অপকর্ম, দুর্নীতি এবং জুলুম-নির্যাতন চিরতরে বন্ধ করা হবে। দলের সাইনবোর্ড ব্যবহার করে কাউকে অপকর্ম করতে দেয়া হবেনা। সন্ত্রাসী ও গুন্ডামী করার জন্য কাউকে সুযোগ দেয়া হবেনা।”
তিনি সোমবার সকালে ফেনী শহরে ধানের গণমিছিলে অংশ নিয়ে ফেনী প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন।
ভিপি জয়নাল আরো বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে দেশের ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। দেশে ব্যাপক কর্মসংস্থান ঘটবে। শান্তি শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে। বিচারহীনতার সংস্কৃতি দূর করা হবে এবং প্রতিটি অপরাধের নিরপেক্ষ বিচার নিশ্চিত করা হবে। ভোটাধিকার এবং বাকস্বাধীনতা ফিরিয়ে আনাই বিএনপির মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
উক্ত গণমিছিলে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সহ সম্পাদক রেহানা আক্তার রানু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ন আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, ইয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভুইঁয়া,জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নইমুল্লা চৌধুরী বরাত, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।