ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিপুল ব্যবধানে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ১৫০টি কেন্দ্রের ফলাফল পাওয়ার পর বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান তাঁর কার্যালয়ে বেসরকারিভাবে ফল ঘোষণা করেন।
ধানের শীষ প্রতীকে তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। ফলে ১ লাখ ১৮ হাজার ৬৫৮ ভোটের ব্যবধানে জয় পান তিনি।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে বৈধ ভোট পড়েছে ৩ লাখ ১৭ হাজার ৪৮৯টি।
মোট পাঁচটি রাজনৈতিক দলের প্রার্থী এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মামুনুর রশিদ হাতপাখা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫০৮ ভোট। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর প্রার্থী দিলরুবা নূরী মই প্রতীকে পেয়েছেন ৭৯৫ ভোট। জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর প্রার্থী আব্দুল্লাহ আল ওয়াকি তারা প্রতীকে পেয়েছেন ২৭৬ ভোট।