ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৩০টি আসনে ভোট কারচুপির অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব আসনে ফল স্থগিত, পুনর্গণনা ও আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘দেশের মানুষ একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আশা করেছে। নির্বাচন সম্পন্ন হলেও বহু ক্ষেত্রে কারচুপি ও জালিয়াতি হয়েছে। ভোট প্রদানে বাধা দেওয়া হয়েছে, এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।’ রেজাল্ট শিটে কাটাকাটি ও ঘষামাজার অভিযোগও তোলা হয়। এসব বিষয়ে নির্বাচনের দিনই রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলে জানানো হয়।
কিছু আসনে দ্রুত ফল ঘোষণা হলেও ইচ্ছাকৃতভাবে কয়েকটি আসনে ফল বিলম্বিত করা হয়েছে দাবি করে তিনি বলেন, ঢাকার কয়েকটি আসনে ভোর ৫টায় গিয়ে ফল সংগ্রহ করতে হয়েছে।
যেসব আসনে অনিয়মের অভিযোগ রয়েছে, সেগুলোর বিষয়ে স্থানীয়ভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভোট পুনর্গণনার আহ্বান জানানো হয়েছে। বিষয়টি নির্বাচন কমিশন–কেও জানানো হবে এবং সম্ভাব্য সব আইনি পদক্ষেপ নেওয়া হবে।
নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকে সমর্থক, এজেন্ট ও কিছু ক্ষেত্রে নারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শতাধিক ঘটনার তথ্য সংগ্রহ করা হয়েছে বলে দাবি করা হয়। বিভিন্ন স্থানে সহিংসতায় মৃত্যু ও আহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করা হয়।
সহিংসতামুক্ত পরিবেশের প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, নতুন প্রেক্ষাপটে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।