ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গেজেটে বলা হয়েছে, সংবিধান অনুযায়ী একজন সংসদ সদস্য একাধিক আসনের প্রতিনিধিত্ব করতে পারবেন না। তারেক রহমান ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ঢাকা-১৭ আসনের প্রতিনিধি হিসেবে শপথ নেয়ার ইচ্ছা জানায় এবং সেই ঘোষণাপত্র কমিশনে দাখিল করেন। এর ফলে একই তারিখ থেকে বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে নির্বাচন সংক্রান্ত নিয়ম অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে নির্বাচিত হওয়ার পর শুধুমাত্র একটি আসনের প্রতিনিধি হিসেবে শপথ নিতে হবে। একাধিক আসনে জয়ী হলে শপথের আগেই একটি আসন রাখতে হবে এবং বাকি আসন ছাড়ার সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে জানাতে হবে। এ সিদ্ধান্ত না জানালে সব আসন শূন্য ঘোষণা করা হবে।
বগুড়া-৬ আসনের শূন্য ঘোষণার পর এ আসনে পরবর্তীতে উপ-নির্বাচনের তফসিল প্রকাশ করা হবে। নির্বাচনের প্রাথমিক ফলাফলে তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ দু’টিতেই জয়ী হয়েছিলেন।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের সঙ্গে মিলিয়ে বিএনপি জোটের আসন সংখ্যা বর্তমানে ২১২। বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসনে বিজয়ী হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৭ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ১ আসনে জয় পেয়েছে।