বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে উদ্দেশ্য করে ‘আপাদমস্তক নাস্তিক’ মন্তব্য এবং অশালীন বক্তব্য দেওয়ার অভিযোগে কুষ্টিয়ার সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে এই মামলাটি দায়ের করা হয়।
মামলার বাদী সিরাজগঞ্জের আইনজীবী অ্যাডভোকেট এস.এম. নাজমুল ইসলাম। আদালতের বিচারক সুমন কুমার কর্মকার অভিযোগটি আমলে নিয়েছেন এবং বিষয়টি আদেশের অপেক্ষায় রেখেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং তিনি দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর উদ্দেশ্যে মন্ত্রী একটি বক্তব্য দিয়েছিলেন। অভিযোগ রয়েছে, মন্ত্রীর সেই বক্তব্যকে কেন্দ্র করে জামায়াত নেতা মুফতি আমির হামজা তাকে ‘আপাদমস্তক নাস্তিক’ হিসেবে আখ্যায়িত করেন এবং জনসম্মুখে অত্যন্ত অশালীন বক্তব্য প্রদান করেন।
বাদী পক্ষের দাবি, এই ধরনের কুরুচিপূর্ণ ও উসকানিমূলক মন্তব্য মন্ত্রীর দীর্ঘদিনের অর্জিত সম্মান ও সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। এ কারণে দণ্ডবিধির ৫০০ ধারায় অভিযুক্ত আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলাটি দায়ের করা হয়েছে।