সৌদি আরবের মদিনায় অবস্থিত মসজিদে নববীর ইমাম হিসেবে শায়খ সালেহ বিন আওয়াদ আল-মাগামসিকে নিয়োগ দেওয়া হয়েছে। সৌদি আরবের এক রাজকীয় আদেশের মাধ্যমে এই নিয়োগ কার্যকর করা হয়।
১৯৬৩ সালে মদিনার এক সম্ভ্রান্ত আলেম পরিবারে জন্ম নেওয়া শায়খ সালেহ আল-মাগামসি শৈশব থেকেই ইসলামী জ্ঞানচর্চার পরিবেশে বেড়ে ওঠেন। তিনি পবিত্র কোরআনের তাফসির বিষয়ে বিশেষ জ্ঞান ও দক্ষতা অর্জন করেছেন। এর আগে তিনি দীর্ঘ সময় মদিনার ঐতিহাসিক কুবা মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কোরআনের তাফসিরের ক্ষেত্রে শান্ত, সুস্পষ্ট ও প্রাঞ্জল উপস্থাপনার জন্য তিনি বিশ্বজুড়ে মুসলিম সমাজে সমাদৃত। সমকালীন বাস্তবতার সঙ্গে ধর্মীয় বিষয়ের মেলবন্ধন ঘটানোর দক্ষতার কারণে তার বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে। মসজিদে নববীর ইমাম হিসেবে তার এই নিয়োগকে মুসলিম বিশ্বের ধর্মীয় অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।