চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপনা প্যানেল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরিবর্তিত পরিস্থিতির কথা উল্লেখ করে উপস্থাপক প্যানেলে এই পরিবর্তনের কথা জানিয়েছে বোর্ড।
বিসিবি সূত্র জানায়, চলতি বিপিএলে উপস্থাপনা ও ধারাভাষ্যে আন্তর্জাতিক উপস্থিতি রাখতে শুরুতে বেশ কয়েকটি চমকপ্রদ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। উপস্থাপক হিসেবে পাকিস্তানের জয়নব আব্বাসের পাশাপাশি অন্তর্ভুক্ত করা হয় ভারতের রিধিমা পাঠককে। আর ধারাভাষ্যকার হিসেবে যুক্ত হন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক পিসিবি প্রধান রমিজ রাজা এবং ইংল্যান্ডের সাবেক তারকা ড্যারেন গফ।
তবে সাম্প্রতিক বাংলাদেশ-ভারত রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে রিধিমা পাঠকের বিপিএল যাত্রা শেষ হলো। বিসিবি জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নিয়েই উপস্থাপনা প্যানেলে এই পরিবর্তন আনা হয়েছে।
এর আগে গত শনিবার (৩ জানুয়ারি) ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশনায় মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। বিসিসিআইয়ের ওই সিদ্ধান্তের পর বিষয়টি নিয়ে বিসিবিতে জরুরি সভা অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে নিরাপত্তা ইস্যুতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে আপত্তির কথা জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চিঠি দেয় বিসিবি। একই সঙ্গে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু ভারত থেকে অন্য দেশে সরিয়ে নেওয়ার দাবিও জানানো হয়।
এর ধারাবাহিকতায় সোমবার (৫ জানুয়ারি) বাংলাদেশ সরকার দেশীয় অপারেটরদের মাধ্যমে আইপিএল সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এসব ঘটনার মধ্যেই বিপিএলের উপস্থাপনা প্যানেলে পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর হলো।