বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা নির্ধারণী ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে কোনো সুযোগ না দিয়েই শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স। মিরপুরে অনুষ্ঠিত ফাইনালে ৬৩ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়ে দ্বিতীয়বারের মতো বিপিএল চ্যাম্পিয়ন হলো নাজমুল হোসেন শান্তর দল।
মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ টস জিতে চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী হাসান রাজশাহী ওয়ারিয়র্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রণ নেয় রাজশাহী। ওপেনিং জুটিতে তানজিদ হাসান তামিম ও ফারহান যোগ করেন ৮৩ রান। ফারহান ৩০ বলে ৩০ রান করে আউট হন।
দ্বিতীয় উইকেটে কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে আরও ৪৭ রানের জুটি গড়েন তানজিদ। উইলিয়ামসন ১৫ বলে ২৪ রান করে শরিফুল ইসলামের বলে আউট হন। এক প্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকা তানজিদ হাসান তামিম ফিফটির পর সেঞ্চুরিও পূর্ণ করেন। বিপিএলের এবারের আসরে এটি তাঁর চতুর্থ সেঞ্চুরি এবং ফাইনালে তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি। এর আগে ফাইনালে সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল ও তামিম ইকবাল।
৬২ বলে ১০০ রানের অনবদ্য ইনিংস খেলেন তানজিদ, যেখানে ছিল ছয়টি চার ও সাতটি ছক্কা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ১১ রান, আর জিমি নিশাম অপরাজিত থাকেন ৭ রানে। নির্ধারিত ২০ ওভারে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ১৭৪ রান। চট্টগ্রামের পক্ষে শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম দুটি করে উইকেট নেন।
১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ১৮ রানের মধ্যে ফিরে যান দুই ওপেনার। মোহাম্মদ নাঈম শেখ ১০ বলে ৯ রান করেন, আর মাহমুদুল হাসান জয় রানের খাতা খুলতে পারেননি। এরপর হাসান নেওয়াজ ৭ বলে ১১ রান করে ফেরেন।
চতুর্থ উইকেটে জাহিদুজ্জামান ও মির্জা বেগ কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও ধীরগতির ব্যাটিংয়ে ম্যাচ হাতছাড়া হয়ে যায়। জাহিদুজ্জামান ১৩ বলে ১১ এবং মির্জা বেগ ৩৬ বলে ৩৯ রান করে আউট হন। পরে আসিফ আলী ২১ ও আমির জামাল ৮ রান করলেও বড় ইনিংস গড়তে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ১১১ রানেই থামে চট্টগ্রামের ইনিংস।
রাজশাহীর বোলারদের মধ্যে বাঁহাতি পেসার বিনুরা ফার্নান্দো ছিলেন সবচেয়ে সফল। তিনি ৩ ওভারে মাত্র ৯ রান দিয়ে নেন চার উইকেট। হাসান মুরাদ নেন তিনটি উইকেট। এ ছাড়া জিমি নিশাম দুটি ও আব্দুল গাফফার সাকলাইন একটি উইকেট শিকার করেন।
এই জয়ের মাধ্যমে রাজশাহী ওয়ারিয়র্স দ্বিতীয়বারের মতো বিপিএল শিরোপা জিতল। এর আগে ২০১৯–২০ মৌসুমে রাজশাহী রয়্যালস নামে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ চারবার শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, তিনবার ঢাকা, আর রাজশাহীর মতো দুবার করে শিরোপা জিতেছে বরিশাল। একবার করে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স।