নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের পরিবর্তে টুর্নামেন্টে অংশ নেবে স্কটল্যান্ড।
আইসিসি এক বিবৃতিতে জানায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের মাটিতে নির্ধারিত ম্যাচ আয়োজন নিয়ে যে নিরাপত্তা–সংক্রান্ত উদ্বেগ তুলেছিল, তা সমাধানে আইসিসি দীর্ঘ ও বিস্তৃত প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে। তিন সপ্তাহেরও বেশি সময় ধরে বিসিবির সঙ্গে স্বচ্ছ ও গঠনমূলক সংলাপ চালানো হয়েছে। এ সময়ে একাধিক দফায় ভার্চুয়াল বৈঠক ও সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়।
বিবৃতিতে বলা হয়, বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো পর্যালোচনার পাশাপাশি অভ্যন্তরীণ ও বাহ্যিক বিশেষজ্ঞদের মাধ্যমে স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন করা হয়েছে। কেন্দ্র ও রাজ্য পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা, পরিচালন পরিকল্পনা এবং টুর্নামেন্টকে ঘিরে ধাপে ধাপে বাড়ানো নিরাপত্তা ব্যবস্থার বিষয়গুলো বিসিবির সঙ্গে ভাগ করা হয়। এসব আশ্বাস আইসিসি বিজনেস করপোরেশন বোর্ডের আলোচনাতেও পুনর্ব্যক্ত করা হয়েছিল।
আইসিসি জানায়, এসব মূল্যায়নের ভিত্তিতে তারা সিদ্ধান্তে পৌঁছেছে যে, ভারতে বাংলাদেশ জাতীয় দল, কর্মকর্তা কিংবা সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। এ বাস্তবতা এবং সামগ্রিক প্রভাব বিবেচনায় নিয়ে প্রকাশিত সূচি পরিবর্তন করা সমীচীন নয় বলে সিদ্ধান্ত নেয় সংস্থাটি।
বিবৃতিতে আরও বলা হয়, গত বুধবার এক বৈঠকের পর বিসিবিকে ২৪ ঘণ্টার সময় দেওয়া হয়েছিল—নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে খেলবে কি না, তা নিশ্চিত করার জন্য। নির্ধারিত সময়ের মধ্যে বিসিবির কাছ থেকে কোনো নিশ্চিতকরণ না পাওয়ায় আইসিসি বিকল্প দল অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশের পরিবর্তে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার ভিত্তিতে বিশ্বকাপে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে তারা ‘সি’ গ্রুপে খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালির বিপক্ষে।