বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের আনা অভিযোগের বিষয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন ও সুপারিশ হাতে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিবেদনে বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে প্রাথমিকভাবে অসদাচরণের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে বিসিবি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, তদন্ত কমিটি জাহানারার উত্থাপিত চারটি নির্দিষ্ট অভিযোগ পর্যালোচনা করে দুটি অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ পায়নি। তবে বাকি দুটি অভিযোগের ক্ষেত্রে মঞ্জুরুল ইসলামের আচরণকে প্রাথমিকভাবে অসদাচরণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
গত ৭ নভেম্বর একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জাহানারা আলম মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানিসহ একাধিক অভিযোগ তোলেন। ওই অভিযোগ তদন্তে ৯ নভেম্বর বিসিবি একটি স্বাধীন কমিটি গঠন করে। ২ ফেব্রুয়ারি কমিটি আনুষ্ঠানিকভাবে তাদের তদন্ত প্রতিবেদন বিসিবি সভাপতির কাছে হস্তান্তর করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্ত প্রতিবেদনের পর্যবেক্ষণে দেখা গেছে, মঞ্জুরুল ইসলামের কিছু আচরণ পেশাদার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। একই সঙ্গে তাঁর কিছু কর্মকাণ্ড সুপ্রিম কোর্টের প্রযোজ্য নির্দেশিকায় উল্লেখিত অসদাচরণ ও হয়রানির সংজ্ঞার আওতায় পড়ে। তবে বিসিবির সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ গত বছরের ৩০ জুন শেষ হয়েছে বলেও জানানো হয়।
বিসিবি জানিয়েছে, হয়রানি ও অসদাচরণের বিষয়ে বোর্ডের ‘শূন্য সহনশীলতা’ নীতির আলোকে আইনজীবীদের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি প্রাতিষ্ঠানিক সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
এ লক্ষ্যে হাইকোর্টের ২০০৯ সালের রায়ের আলোকে বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারপারসনের নেতৃত্বে একটি অভিযোগ কমিটিও গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।