ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে দেশ ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সোমবার তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বুলবুল ভাই পারিবারিক কারণে দেশের বাইরে গিয়েছেন। অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনি ফিরে আসবেন বলে আশা করছি।’
বোর্ডের একটি সূত্র জানায়, দেশ ছাড়ার আগে পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে রমজানের শুভেচ্ছা জানিয়ে সভাপতি লিখেছেন, ‘জরুরি পারিবারিক প্রয়োজনে আমি দেশের বাইরে যাচ্ছি, দ্রুতই ফিরে আসব।’
বিশ্বকাপ থেকে বাংলাদেশ বিদায়ের পর থেকেই বোর্ডে অস্থিরতা নিয়ে আলোচনা চলছে। পরিচালকদের মধ্যে মতপার্থক্য ও সংবাদমাধ্যমের সঙ্গে সম্পর্ক নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে ক্রিকেটাঙ্গনে নানা আলোচনা রয়েছে।
এদিকে বিসিবির প্রধান প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিনহাজুল আবেদীন নান্নু সোমবার বোর্ড প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বর্তমান পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা করছেন। তাঁর ভাষায়, ‘নতুন সরকার শপথ নিতে যাচ্ছে, আশা করি এখন সব কিছু নিয়মের মধ্যে ফিরবে। ক্লাবগুলোর সঙ্গে বিসিবির যে দূরত্ব তৈরি হয়েছে, তা দ্রুত সমাধান করা জরুরি।’
বর্তমান বোর্ডের সময়ে কয়েকটি ক্লাব ঘরোয়া লিগে অংশ নেওয়া নিয়ে অনীহা দেখিয়েছে। এ প্রসঙ্গে নান্নু বলেন, ‘আমাদের কাছে ক্রিকেটই সবার আগে। সব কিছুর উপরে বাংলাদেশ—এই নীতি মেনে আমাদের এগোতে হবে। খেলার মাঠে কোনো আপস নেই। আমরা চাই সবার জন্য একটি সুন্দর সমাধান আসুক।’