দেশের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালনা পর্ষদ নির্বাচনে সবকটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে আগেই একক প্রার্থী হিসেবে সংসদ সদস্য ও বিএনপি নেতা বরকতউল্লাহ বুলু নির্বাচিত হয়েছিলেন।
আজ শুক্রবার (৬ মার্চ) রাতে ১৬ জন পরিচালক পর্ষদ সদস্যও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘোষণা আসায় আগামী ৯ মার্চের নির্ধারিত ভোটের আর প্রয়োজন হচ্ছে না।
নির্বাচন কমিশনার ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভাপতিসহ ১৭ সদস্যের পূর্ণাঙ্গ পর্ষদ এখন চূড়ান্ত। এর আগে সভাপতি পদ থেকে অপর দুই প্রার্থী জয়নুল আবেদিন ফারুক ও সাজেদ এএ আদেল তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে বরকতউল্লাহ বুলুর পথ পরিষ্কার হয়ে যায়। তবে ১৬টি পরিচালক পর্ষদ পদের বিপরীতে গতকাল পর্যন্ত ২৮ জন প্রার্থী মাঠে থাকায় নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছিল।
আজ শেষ মুহূর্তে ১২ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় বাকি ১৬ জন বিনাযুদ্ধে পরিচালক নির্বাচিত হন। নবনির্বাচিত এই কমিটিতে লোকমান হোসেন, মাহবুব আনাম, মোস্তফা কামাল, খায়রুল কবির খোকন এবং সাবেক ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালি সাব্বিরের মতো পরিচিত মুখগুলো স্থান পেয়েছেন। এছাড়া নিলোফার চৌধুরী মনি ও জাকির হোসেন চৌধুরীর মতো ব্যক্তিত্বরাও নতুন পরিচালনা পর্ষদে রয়েছেন।
সাদা-কালো শিবিরের এই নতুন পর্ষদ গঠনের মাধ্যমে ক্লাবপাড়ায় চলা দীর্ঘদিনের জল্পনা ও গুঞ্জনের অবসান ঘটল। সমঝোতার ভিত্তিতে গঠিত এই শক্তিশালী কমিটি মোহামেডানের হৃত গৌরব পুনরুদ্ধারে ভূমিকা রাখবে বলে আশা করছেন ক্লাব সমর্থক ও ক্রীড়া সংশ্লিষ্টরা।
চূড়ান্ত পর্ষদ সদস্যবৃন্দ:
সভাপতি: বরকতউল্লাহ বুলু।
পরিচালক: লোকমান হোসেন, মাহবুব আনাম, মোস্তফা কামাল, মোস্তাকুর রহমান, মাসুদুজ্জামান, এনায়েত হোসেন সিরাজ, খায়রুল কবির খোকন, আবুল কালাম, মির্জা ইয়াসির আব্বাস, জহির আহমেদ, এম এ সালাম, নিলোফার চৌধুরী মনি, সাজেদ এ আদেল, সৈয়দ রুম্মান বিন ওয়ালি সাব্বির, মাহমুদ হাসান খান ও জাকির হোসেন চৌধুরী।