ফুটবল বিশ্বকাপ ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই ইরানকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দেওয়া হুঁশিয়ারির কড়া জবাব দিয়েছে তেহরান।
ইরানের জাতীয় ফুটবল দলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, কোনো বিশেষ দেশ বা ব্যক্তি চাইলেই তাদের বিশ্বকাপের বাইরে রাখতে পারবে না। উল্টো অংশগ্রহণকারী দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি তুলেছেন ইরানি ফুটবলাররা।
বিগত প্রায় দুই সপ্তাহ ধরে ইরান ও মার্কিন-ইসরায়েল জোটের মধ্যে চলমান সামরিক সংঘাতের প্রভাব এবার খেলার মাঠেও ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার ইরানের ফুটবলারদের উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, ‘বিশ্বকাপে ইরানের জাতীয় দলকে স্বাগত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমি মনে করি না যে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তাদের এখানে (যুক্তরাষ্ট্র) আসা উচিত।’ ট্রাম্পের এই মন্তব্যকে পরোক্ষ হুমকি হিসেবে দেখছে ইরান।
এবারের ফুটবল বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের জাতীয় ফুটবল দল এক বিবৃতিতে জানায়, ‘বিশ্বকাপ একটি ঐতিহাসিক ও আন্তর্জাতিক প্রতিযোগিতা, যার নিয়ন্ত্রক সংস্থা ফিফা; কোনো নির্দিষ্ট ব্যক্তি বা রাষ্ট্র নয়। ইরান তার নিজস্ব শক্তিতে এবং ফুটবলারদের সাহসিকতায় ধারাবাহিকভাবে সাফল্য পেয়ে প্রথম সারির দল হিসেবে খেলার যোগ্যতা অর্জন করেছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘কেউ ইচ্ছা করলেই ইরানকে বাদ দিতে পারে না। বরং বাদ দেওয়া উচিত সেই দেশকে, যারা আয়োজক হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তা দিতে পারে না।’
উল্লেখ্য, গত বছর এশীয় অঞ্চলের প্রথম দল হিসেবে ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ইরান। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী গ্রুপ পর্বে ইরানের ম্যাচগুলো লস অ্যাঞ্জেলেস ও সিয়াটেলে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানি ফুটবলারদের নিরাপত্তা ও আসরে অংশগ্রহণ নিয়ে বিশ্বজুড়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।