আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই ও রাণীনগর) আসনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির। সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় তিনি নওগাঁর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর আলমগীর কবির সাংবাদিকদের বলেন, ‘আত্রাই ও রাণীনগরের মানুষ কালো টাকার নির্বাচনকে ঘৃণা করে। সেই কারণে আমি নির্বাচনে এসেছি। টাকার নির্বাচনে জনমতের কোনো প্রতিফলন থাকে না। যারা টাকার ঝনঝনানি দেখিয়ে ভোটে জয়ী হতে চায়, তাদের সঙ্গে জনগণ একসঙ্গে মোকাবেলা করবে।’ তিনি আরও বলেন, ‘রাজনীতিতে যারা সততা ও দেশপ্রেম দেখাতে পারবে না, তাদের রাজনীতি থেকে সরে যাওয়া উচিত। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমার প্রধান লক্ষ্য।’
তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের মূল লক্ষ্য ছিল সংস্কার, রাষ্ট্র মেরামত, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যকে সামনে রেখে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে কালো টাকার কোনো প্রভাব থাকবে না, সন্ত্রাস থাকবে না এবং জনগণ অবাধ ও সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এটি বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব।’
মনোনয়নপত্র গ্রহণের সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু, বিএনপি নেতা নজরুল মাস্টার, অ্যাডভোকেট আবু বেলাল হোসেন জুয়েল, জয়নাল আবেদীনসহ অন্যান্য নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আলমগীর কবির চারদলীয় জোট সরকারের সময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আত্রাই উপজেলা বিএনপি সভাপতি শেখ রেজাউল ইসলাম রেজুকে এই আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।