ফেনী-৩ (দাগনভূঞা ও সোনাগাজী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) বিকেলে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক এ তথ্য জানান।
মনিরা হক বলেন, দাখিলকৃত হলফনামা ও অন্যান্য তথ্যাদি যাচাই করার পর কোনো ত্রুটি না পাওয়ায় আউয়াল মিন্টুর প্রার্থিতা বৈধ হিসেবে বিবেচিত হয়েছে।
স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে আউয়াল মিন্টুর প্রার্থিতা নিশ্চিত হওয়ায় নির্বাচনী লড়াইয়ে দলের অবস্থান আরও শক্তিশালী হবে। মনোনয়নপত্র বৈধ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর আউয়াল মিন্টু বলেন, “আলহামদুলিল্লাহ, আমার মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেছেন। এখন আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতীক্ষায় আছি। আশা করছি আগামী ১২ ফেব্রুয়ারির ভোটে মানুষ উন্নয়নের পক্ষে ধানের শীষকে ভোট দেবে।”
ফেনী-৩ আসনটি দেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। হেভিওয়েট প্রার্থী হিসেবে আউয়াল মিন্টুর উপস্থিতি নির্বাচনী সমীকরণে বড় প্রভাব ফেলবে। তার শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাক্তার ফখরুদ্দিন মানিক।