ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির বানিয়াপাড়া এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাস উল্টে আগুন ধরে গেছে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১৫ জন। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনাস্থল থেকে দুটি শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, মোটরসাইকেল ও বাসের সংঘর্ষের পর পুরো বাসে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থলে একজন নারী, একজন পুরুষ ও দুই শিশুর মরদেহ পাওয়া যায়। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ররশাদ হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় চারজনের মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে তিনজনকে বাসের ভেতর থেকে এবং একজনকে বাসের বাইরে থেকে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় আনুমানিক ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংঘর্ষের পর মোটরসাইকেলের জ্বালানির ট্যাংক থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত তা বাসে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।