গত কয়েক দিনে কনকনে শীতের তীব্রতা কিছুটা কম থাকলেও আবারও তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার ভোরের দিকে দেশের কয়েকটি জেলায় শীতের প্রকোপ বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৬টার মধ্যে দেশের ৮ থেকে ১০টি জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে।
ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার সকাল থেকে আবারও শীতের মাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ভারতীয় সীমান্তবর্তী জেলাগুলোতে শীতের প্রভাব তুলনামূলক বেশি হতে পারে।
তার ভাষ্য অনুযায়ী, সকাল ৬টার মধ্যে এসব অঞ্চলের কয়েকটি জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে অবস্থান করতে পারে। তবে একই সময়ে দেশের অধিকাংশ জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়াবিদের এই পূর্বাভাসে উত্তর ও পশ্চিমাঞ্চলের মানুষকে ভোরের দিকে বাড়তি শীতের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।