মাদারীপুরে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসের আরও অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হন।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা–বরিশাল মহাসড়কের মাদারীপুরের মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন মাদারীপুর শহরের শকুনি এলাকার নেছার উদ্দিন মুন্সীর ছেলে পান্নু মুন্সী (৫০), সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান (২৫) এবং কুনিয়া দক্ষিণ পাড়া এলাকার জসিম বেপারীর ছেলে সাগর (২৬)।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদারীপুর নতুন বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া সার্বিক পরিবহনের একটি বাস মিলগেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত অন্তত ১০ জনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান চালায়।
মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ বলেন, বাস ও অটোরিকশার সংঘর্ষে ইজিবাইকের তিন যাত্রীসহ মোট ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।