লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের নির্বাচনী মাঠে দেখা গেছে ব্যতিক্রমী এক রাজনৈতিক চিত্র। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে ছেলে নির্বাচনে অংশ নিলেও বাবা সক্রিয়ভাবে ভোট চাইছেন বিএনপির প্রার্থীর পক্ষে।
এনসিপির শাপলা কলি প্রতীকের প্রার্থী মাহবুব আলম এবারের নির্বাচনে ১০ দলীয় জোটের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই। অপরদিকে তাঁর বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা ৪ নম্বর ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আজিজুর রহমান বাচ্চু মোল্লা রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের সঙ্গে একাধিক পথসভায় অংশ নেন। এসব সভায় তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বক্তব্য দেন।
এ বিষয়ে আজিজুর রহমান বাচ্চু মোল্লা বলেন, রাজনীতি তাঁর আদর্শ ও অবস্থানের বিষয়। ব্যক্তিগত সম্পর্কের কারণে রাজনৈতিক অবস্থান পরিবর্তনের সুযোগ নেই বলেই তিনি বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে আছেন। তবে বাবা হিসেবে ছেলের জন্য দোয়া করেন বলেও তিনি জানান।
এ প্রসঙ্গে জানতে চাইলে এনসিপির প্রার্থী মাহবুব আলম বলেন, বিষয়টি তাঁর নজরে এসেছে, তবে এ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না।