স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় যশোর কেন্দ্রীয় কারাগারে আটক বন্দি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি নিয়ে বক্তব্য দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (২৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্ত্রী ও সন্তানের মৃত্যুতে জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে কোনো আবেদন করা হয়নি।
এতে আরও বলা হয়, সাদ্দামের পরিবারের মৌখিক অভিপ্রায়ের ভিত্তিতে যশোর জেলগেটে স্ত্রী ও সন্তানের লাশ দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মানবিক দিক বিবেচনায় যশোর জেলা প্রশাসন ও যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যশোর জেলা প্রশাসক বা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে—এমন সংবাদ প্রকাশিত হলেও তা সঠিক নয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করে জানায়, গণমাধ্যমগুলো সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের তথ্য পাওয়ার অধিকার সমুন্নত রাখবে।