ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ভাইস চেয়ারম্যান এবং ফেনী-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু–র সমর্থনে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে আয়োজিত এ গণমিছিল মাতুভূঞা ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলা বাজারে এসে এক সমাবেশে মিলিত হয়। সাবেক ছাত্রনেতা মতিউর রহমান চৌধুরী পলাশের নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে দাগনভূঞা উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুল উদ্দিন, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সামছুল হক নকু মেম্বার, উপজেলা যুবদলের সদস্য হারিছ আহমদ পেয়ার, নাছির উদ্দিনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।
জুমার নামাজের পর থেকেই মাতুভূঞার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা বটতলা বাজার এলাকায় জড়ো হতে থাকেন। পরে মতিউর রহমান চৌধুরী পলাশের নেতৃত্বে একটি বড় মিছিল বের করা হয়। মিছিলটি মাতুভূঞা ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আবদুল আউয়াল মিন্টুর পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
গণমিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মতিউর রহমান চৌধুরী পলাশ। তিনি বলেন, ‘আবদুল আউয়াল মিন্টু ফেনীর মাটি ও মানুষের নেতা। তাঁর হাত ধরেই দাগনভূঞা ও সোনাগাজীর উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।’
তিনি আরও বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে আবদুল আউয়াল মিন্টুর কোনো বিকল্প নেই। আজকের এই গণজোয়ার প্রমাণ করে মাতুভূঞার মানুষ ধানের শীষ ও মিন্টু সাহেবের পক্ষে ঐক্যবদ্ধ।’