রমজান মাসে অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ১ রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে মেট্রোরেল চলাচলের বিশেষ সময় নির্ধারণ করা হয়েছে। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজানে দিনের প্রথম মেট্রোরেল ছেড়ে যাবে উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে সকাল সাড়ে ৬টায়। সেখান থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায়। আর মতিঝিল মেট্রো স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল সোয়া ৭টায় এবং সর্বশেষ ট্রেন ছেড়ে যাবে রাত ১০টা ১০ মিনিটে।
শনিবার, শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিনের সময়সূচি অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে।
ইফতারের সময় পানি পানের সুবিধার্থে প্রত্যেক যাত্রী সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যাতে না পড়ে সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। ব্যবহৃত বোতল প্ল্যাটফর্ম, কনকোর্স, প্রবেশ বা বাহির গেটের ডাস্টবিনে ফেলতে হবে। প্ল্যাটফর্ম, কনকোর্স ও ট্রেনের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না।