কুষ্টিয়া বাইপাস সড়কে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একই পরিবারের দুই সতীন ও তাদের জামাতা রয়েছেন। কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার মৃত সিরাজুল ইসলামের দুই স্ত্রী আমেনা খাতুন (৬৫) ও কমেলা খাতুন (৬২), আমেনা খাতুনের মেয়ের জামাই ও অটোরিকশা চালক জাকারিয়া সরকার (৪০), একই এলাকার আশরাফুল (২৮) ও তার স্ত্রী শিরিনা খাতুন (২০)।
পুলিশ জানায়, আমেনা ও কমেলা তাদের মেয়ের বাড়ি রাজশাহীর বাঘা থেকে নিজ বাড়ি খাজানগরে ফিরছিলেন। পথে বাইপাস সড়কে বিপরীত দিক থেকে আসা সিলিন্ডারবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সরাসরি ধাক্কা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে জেলা প্রশাসক ইকবাল হোসেন হাসপাতালে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের দাফনের জন্য প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়া বিআরটিএ-এর পক্ষ থেকে নির্ধারিত আর্থিক অনুদান পাওয়ার বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।