রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় পুলিশের চার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যাহারকৃত এই চার পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত আরও দুই-তিনজনকে শনাক্ত করার প্রক্রিয়া চলছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ডিসি মাসুদ আলমের নেতৃত্বে সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালীন কয়েকজন পুলিশ সদস্য সেখানে উপস্থিত শিক্ষার্থী ও পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের হেনস্তা ও মারধর করেন। ঘটনার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
পুলিশি হামলার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে শাহবাগ থানার সামনে বিক্ষোভ সমাবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ থেকে তারা এই ঘটনার জন্য রমনা বিভাগের ডিসি মাসুদ আলমের অপসারণ দাবি করেন। শিক্ষার্থীদের দাবির মুখে এবং প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় চার সদস্যকে ক্লোজড করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
ডিএমপি জানিয়েছে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।