ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগপত্র জমা দিয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে তিনি এই আবেদন পাঠান। সরকারের পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত তিনি বর্তমান দায়িত্ব পালন করে যাবেন বলে জানা গেছে।
সাজ্জাত আলী ২০২৪ সালের ২০ নভেম্বর দুই বছর মেয়াদে ডিএমপি কমিশনার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। চলতি বছরের ২১ নভেম্বর তার নিয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। ডিএমপি প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি পুলিশ সংস্কার কমিশনের সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ প্রশাসনে পরিবর্তনের ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার নতুন আইজিপি হিসেবে আলী হোসেন ফকিরকে নিয়োগ দেওয়া হয়। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত মহাপরিদর্শক পদ থেকে পদোন্নতি পেয়ে তিনি আজ সকালে বাহারুল আলমের স্থলাভিষিক্ত হয়েছেন। নতুন আইজিপি দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ডিএমপি কমিশনারের পদত্যাগের খবর সামনে এলো।