ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) শামিমা ইয়াছমিন খন্দকার এই আদেশে স্বাক্ষর করেন।
এর আগে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন। ২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপির ৩৮তম কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়া এই কর্মকর্তার চুক্তির মেয়াদ ছিল আগামী নভেম্বর পর্যন্ত।
বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা শেখ মো. সাজ্জাত আলী বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত হয়েছিলেন। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার তাঁকে ভূতাপেক্ষভাবে চাকরিতে পুনর্বহাল করে কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল। তাঁর আকস্মিক পদত্যাগের প্রেক্ষিতে বর্তমান উপ-পুলিশ কমিশনারদের মধ্যে জ্যেষ্ঠতার ভিত্তিতে মো. সরওয়ারকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।