কুষ্টিয়া মেডিকেল কলেজ ও সদর হাসপাতালের অব্যবস্থাপনা এবং দুর্নীতি নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মুফতি আমির হামজা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘কুষ্টিয়ায় এখন আমিই উপরওয়ালা, তাই যা কিছু হবে আমাকে জানাবেন।’
হাসপাতালের বিভিন্ন অনিয়ম প্রসঙ্গে মুফতি আমির হামজা জানান, মেডিকেল ও সদর হাসপাতালের নানা অভিযোগ তাঁর কাছে লিখিতভাবে জমা পড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে এসব পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘কর্তৃপক্ষ তাঁদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। তাঁরা আগে ওপরমহলের দোহাই দিতেন, কিন্তু আমি স্পষ্ট করে দিয়েছি যে এখানে এখন আমিই সব দেখব। কোনো অনিয়ম সহ্য করা হবে না।’
হাসপাতালে ‘স্পিড মানি’ বা অবৈধ লেনদেন ও প্রভাবশালী সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধের ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, ‘যাঁরা দুই নম্বরি করতে চায়, তাঁদের সরাসরি বলবেন যে মাওলানার (আমির হামজা) কাছে টাকা দেওয়া আছে, তাঁর কাছে যান। কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে, তা আমি দেখব।’
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু করার বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে জানিয়ে সংসদ সদস্য বলেন, আশপাশের চার-পাঁচটি জেলার মানুষের উন্নত সেবা নিশ্চিত করতে দ্রুতই একটি ‘সুখবর’ দেওয়া হবে। সভায় কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেন এবং হাসপাতালের পরিচালক ডা. শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।