ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশ সদস্যদের বহনকারী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আটজন আহত হয়েছেন। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে গার্ড অব অনার দেওয়ার উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনস থেকে পুলিশের একটি দল বাঞ্ছারামপুরের দিকে যাচ্ছিল। ভেলানগর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশের নিচু জমিতে উল্টে পড়ে যায়। এতে নায়েক জুয়েল মিয়া ও কনস্টেবল শরিফ গুরুতর আহত হন। এছাড়া এএসআই নিজাম এবং কনস্টেবল মহিউদ্দিন, মেহেদী হাসান, জহির রায়হান, আবদুস সালাম ও মাইনুল হাসান আহত হয়েছেন।
দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে গুরুতর আহত দুজনকে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
জুমার নামাজের পর স্থানীয় সংসদ সদস্য এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে যান। তিনি তাঁদের চিকিৎসার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।