পঞ্চগড়ের দেবীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস সড়কের পাশে আমগাছে ধাক্কা খেয়ে উল্টে গেছে। এতে দুই যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নীলফামারীর ডোমার থেকে দিনাজপুরগামী ‘শাহী পরিবহনের’ বাসটি দুর্ঘটনাকবলিত হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল নাগাদ বাসটি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি সড়কের পাশে থাকা একটি আমগাছে সজোরে ধাক্কা খায় এবং একপর্যায়ে উল্টে যায়। প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে বাসটি গন্তব্যের দিকে যাচ্ছিল।
দুর্ঘটনার খবর পেয়ে দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মনজুরুল ইসলাম জানান, ঘটনাস্থলটি বেশ দূরবর্তী হওয়ায় পৌঁছাতে কিছুটা সময় লেগেছে। তাদের পৌঁছানোর আগেই স্থানীয়দের সহায়তায় যাত্রীরা নিরাপদে বাস থেকে বেরিয়ে যান এবং নিজ নিজ গন্তব্যে চলে যান।
এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মালিক বলেন, ‘দুর্ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনাটি নিয়ে অতিরঞ্জিত তথ্য ছড়ানো হচ্ছে।’
পুলিশ আরও জানিয়েছে, ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার কৌশলে ঘটনাস্থল ত্যাগ করেছেন। বর্তমানে যাত্রীদের ফেলে যাওয়া মালামালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।