জাতীয় সংসদে ভুয়া ধর্ষণ ইস্যুতে বক্তব্য প্রদান এবং বিএনপিকে নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগে নোয়াখালীর হাতিয়ার সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে হাতিয়ার বিভিন্ন এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
উপজেলার হরনী ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিণ করে। এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে মিছিলে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা হাতে ঝাড়ু নিয়ে সংসদ সদস্যের বিতর্কিত বক্তব্যের তীব্র নিন্দা জানান এবং তাঁর পদত্যাগের দাবি সংবলিত বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, জাতীয় সংসদে একজন জনপ্রতিনিধির কাছ থেকে এমন দায়িত্বজ্ঞানহীন, ভিত্তিহীন ও অশালীন বক্তব্য কখনোই কাম্য নয়। তাঁরা দাবি করেন, সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তাঁর এই বিভ্রান্তিকর বক্তব্যের জন্য জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
পৌরসভা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাত বলেন, ‘ভুয়া তথ্য উপস্থাপন করে জাতিকে বিভ্রান্ত করা এবং রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করার এই অপচেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে এ ধরনের শিষ্টাচারবহির্ভূত বক্তব্য থেকে বিরত থাকার জন্য আমরা তাঁর প্রতি জোর আহ্বান জানাচ্ছি।’
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আব্দুল হান্নান মাসউদের সংসদে দেওয়া এক বক্তব্যের জেরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়ে পড়েছে। এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে হাতিয়ার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটালেন।