সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি এই ঘটনাকে ‘বড় ব্রেকথ্রু’ (বড় ঘটনা) হিসেবে উল্লেখ করেছে।
গতকাল মঙ্গলবার সকালে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। আজ বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে লাখো মানুষ অংশ নেন। শেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা ঢাকায় আসেন। তাঁদের মধ্যে ছিলেন পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শোক প্রকাশ করতে তাঁরা খালেদা জিয়ার বাসভবনে যান এবং সেখানেই দুজনের মধ্যে সাক্ষাৎ হয়।
চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চারদিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই দেশের সম্পর্ক তীব্র উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ওই সংঘর্ষের পর এই প্রথমবার দুই দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে সরাসরি সাক্ষাৎ হলো বলে মনে করা হচ্ছে।
পাকিস্তানি সাংবাদিক আনাস মল্লিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর হেঁটে পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিকের কাছে যান এবং এরপর তাঁদের মধ্যে সংক্ষিপ্ত কথা হয়।
উল্লেখ্য, গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হন। এই হামলার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ৭ মে ভোরে পাকিস্তানে প্রথম মিসাইল হামলা চালায় ভারত। জবাবে পাকিস্তানও পাল্টা মিসাইল ও বিমান হামলা শুরু করে। টানা চারদিন পাল্টাপাল্টি হামলা চলে, যার তীব্রতা ছিল ব্যাপক।
পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়। সেই যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে।