ভেনেজুয়েলাকে তাদের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংকটগুলো সমাধানের একটি সুযোগ দিতে চায় যুক্তরাষ্ট্র—এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রোববার (৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
রুবিও জানান, ওয়াশিংটন ভেনেজুয়েলার কাছ থেকে আরও সহযোগিতা প্রত্যাশা করে। তবে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘খুব উদার’ প্রস্তাব দেওয়া হলেও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেড় সপ্তাহ আগেও মাদুরোর হাতে ভেনেজুয়েলা ছাড়ার সুযোগ ছিল। তার ভাষায়, ‘এই সব (হামলা) এড়ানোর জন্য তার হাতে সুযোগ ছিল।’
রুবিও আরও বলেন, এরপরও যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে ট্রাম্প প্রশাসনের উত্থাপিত সমস্যাগুলো সমাধানের একটি সুযোগ দিতে প্রস্তুত। তবে ততক্ষণ পর্যন্ত দেশটিকে ‘ভেনেজুয়েলা তেল কোয়ারেন্টাইন’, যুক্তরাষ্ট্রের চাপ এবং প্রয়োজনে ‘মাদকবাহী নৌকায় হামলা ও জব্দ’–এর মতো পদক্ষেপের মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেন তিনি।
উল্লেখ্য, শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলায় ব্যাপক বোমা হামলা ও বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলার পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। যুক্তরাষ্ট্র জানিয়েছে, মাদুরোকে এখন বিচারের মুখোমুখি করা হবে।