ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে প্রথমবারের মতো নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে হাজির করা হচ্ছে। তাঁকে বহনকারী একটি হেলিকপ্টার কিছুক্ষণ আগে আদালতের কাছাকাছি একটি হেলিপোর্টে অবতরণ করেছে। আজ সোমবারই তাঁকে আদালতে তোলার কথা রয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউএবিসি প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, হাতকড়া পরা অবস্থায় মাদুরোর গায়ে ছিল বাদামি রঙের পোশাক এবং পায়ে উজ্জ্বল কমলা রঙের জুতা। হেলিপোর্টে নামানোর পর তাঁকে কড়া নিরাপত্তায় একটি ভ্যানে তোলা হয়। সেখান থেকেই তাঁকে আদালতে নেওয়া হবে। এ সময় তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকেও সঙ্গে দেখা গেছে।
এর আগে গত শনিবার ভেনেজুয়েলায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের বাহিনী প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিয়ে যায়।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত ফেডারেল আদালতে মাদুরোকে হাজির করা হবে। স্থানীয় সময় আজ দুপুরের দিকে বিচারক অ্যালভিন কে হেলারস্টাইনের আদালতে তাঁর উপস্থিতি নিশ্চিত করা হতে পারে।
আটকের পর নিকোলা মাদুরোকে নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার (এমডিসি) নামের একটি আটককেন্দ্রে রাখা হয়েছিল। সেখান থেকেই আজ তাঁকে আদালতে নেওয়া হচ্ছে।