ইরান যদি তার বিরুদ্ধে হত্যার কোনো ধরনের চেষ্টা চালায়, তাহলে দেশটিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২০ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম নিউজ নেশন–কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
বুধবার (২১ জানুয়ারি) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদসংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে বিষয়টি জানায়।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নেতৃত্বের পক্ষ থেকে তার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ রয়েছে এবং এ বিষয়ে তিনি আগেই কঠোর নির্দেশনা দিয়ে রেখেছেন। তার ভাষায়, এমন কিছু হলে পুরো দেশকে ধ্বংস করার নির্দেশ দেওয়া আছে। তিনি আরও বলেন, এ ধরনের হুমকি গ্রহণযোগ্য নয়।
ট্রাম্প দাবি করেন, অতীতে এ ধরনের হুমকির বিষয়টি থাকলেও তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন যথাযথ প্রতিক্রিয়া দেখাননি। তার মতে, এমন হুমকির জবাবে তখনই কঠোর অবস্থান নেওয়া উচিত ছিল।
এদিকে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিও উত্তপ্ত রয়েছে। দেশটির মুদ্রা রিয়ালের তীব্র অবমূল্যায়ন, উচ্চ মূল্যস্ফীতি এবং খাদ্যপণ্যের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে গত ডিসেম্বরের শেষ দিক থেকে বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। এসব আন্দোলন দমনে সহিংসতার অভিযোগ উঠেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি–এর তথ্যমতে, চলমান অস্থিরতায় এখন পর্যন্ত অন্তত ৪ হাজার ২৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া ২৬ হাজারের বেশি মানুষ গ্রেপ্তার এবং অন্তত ৫ হাজার ৮০০ জন আহত হয়েছেন বলে সংগঠনটি জানিয়েছে।
ইরানের কর্তৃপক্ষ এসব বিক্ষোভকে সশস্ত্র দাঙ্গা হিসেবে আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদে অস্থিতিশীলতা তৈরির অভিযোগ করেছে।
এর আগে বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় ইরানের বিরুদ্ধে কঠোর হামলার হুঁশিয়ারি দিলেও, পরে তেহরান সরকার নির্ধারিত শত শত মৃত্যুদণ্ড কার্যকর না করার সিদ্ধান্ত নেওয়ায় ট্রাম্প সে সিদ্ধান্তের প্রশংসা করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।