সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। দেশটির কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে ১৪৪৭ হিজরি সনের রমজান মাস শুরু হবে। এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে সৌদি কর্তৃপক্ষ। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে সূর্যাস্তের পর দেশটির পূর্বাঞ্চলে চাঁদ দেখা যায় বলে জানানো হয়। এরপর চাঁদ দেখা কমিটির পর্যবেক্ষণ শেষে রমজান শুরুর ঘোষণা দেওয়া হয়। ফলে মঙ্গলবার রাতে প্রথম তারাবির নামাজ আদায় করবেন মুসল্লিরা এবং শেষ রাতে সেহরি খাবেন।
সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত–ও রমজানের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির প্রেসিডেনশিয়াল কোর্ট জানিয়েছে, বুধবার থেকেই সেখানে রোজা শুরু হবে।
এর আগে উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য ওমান জানিয়েছিল, তাদের দেশে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু হবে।