শ্রীলঙ্কার জলসীমায় অবস্থানরত ইরানের একটি জাহাজ থেকে ২০৮ জন ক্রুকে উদ্ধার করেছে শ্রীলঙ্কান নৌবাহিনী। শুক্রবার (৬ মার্চ) দেশটির প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিসানায়েকে এই তথ্য নিশ্চিত করেছেন। কলম্বো বন্দরের কাছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইইজেড) এলাকায় ‘আইআরআইএস বুশেহর’ নামের ওই ইরানি জাহাজটি নোঙর করা রয়েছে।
প্রেসিডেন্ট দিসানায়েকে জানান, জাহাজটি শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশের অনুমতি চাইলে ক্রুদের উদ্ধার করে তীরে আনার প্রক্রিয়া শুরু হয়। কলম্বোস্থ ইরানি দূতাবাস এবং শ্রীলঙ্কা সরকারের মধ্যে আলোচনার পর জাহাজের ক্যাপ্টেন ক্রুদের সরিয়ে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। উদ্ধারকৃত ২০৮ জনের মধ্যে ৫৩ জন কর্মকর্তা, ৮৪ জন ক্যাডেট, ৪৮ জন সিনিয়র নাবিক এবং ২৩ জন সাধারণ নাবিক রয়েছেন।
নৌবাহিনীর তত্ত্বাবধানে তাঁদের প্রথমে কলম্বো বন্দরে এবং পরবর্তীতে ত্রিনকোমালি বন্দর এলাকায় স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। মূলত এর আগে বুধবার (৪ মার্চ) শ্রীলঙ্কা উপকূলে ইরানের অপর একটি জাহাজ ‘আইআরআইএস দেনা’ হামলার শিকার হওয়ার পর এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বুধবারের ওই হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র দাবি করেছে যে তারা সাবমেরিন টর্পেডো দিয়ে আঘাত করে ইরানি জাহাজটি ডুবিয়ে দিয়েছে। ওই দুর্ঘটনা থেকে ৩২ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ জানিয়েছেন, ওই জাহাজে থাকা প্রায় ১৮০ জন যাত্রীর মধ্যে ৮৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যা বর্তমানে গল জাতীয় হাসপাতালে রাখা হয়েছে।