কানাডার টরন্টো এবং নরওয়ের অসলোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। টরন্টোর দূতাবাসে গুলির শব্দ পাওয়া গেছে এবং অসলোতে দূতাবাসের বাইরে হয়েছে বিস্ফোরণ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সঙ্গে এসব ঘটনার সম্ভাব্য যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিবিসি ও টরন্টো পুলিশ অপারেশনস জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (১০ মার্চ) ভোর ৫টার দিকে টরন্টোতে দূতাবাসের কাছে গুলির শব্দ শোনা যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রমাণ পেয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কোনো সন্দেহভাজনকেও শনাক্ত করা সম্ভব হয়নি। তদন্তের স্বার্থে পুলিশ দূতাবাসের আশপাশের সড়কগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।
অন্যদিকে, গত রবিবার নরওয়ের রাজধানী অসলোতে মার্কিন দূতাবাসের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটে। নরওয়েজিয়ান পুলিশ একে 'সম্ভাব্য সন্ত্রাসী হামলা' হিসেবে তদন্ত করছে। কর্মকর্তারা বলছেন, এতে তাৎক্ষণিক বিস্ফোরক ডিভাইস ব্যবহার করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় সামান্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ইতোমধ্যে বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তির ছবি প্রকাশ করেছে।
সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর থেকে টরন্টোর বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা বেড়েছে। এর মধ্যে গত এক সপ্তাহে শহরের তিনটি ইহুদি সিনাগগ এবং একজন ইরানি-কানাডিয়ানের মালিকানাধীন বক্সিং জিমে গুলির ঘটনা ঘটেছে। পুলিশ এসব ঘটনার সঙ্গে সাম্প্রতিক ভূ-রাজনৈতিক উত্তেজনার কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে।