ঢাকাই চলচ্চিত্রের আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক মন্তব্যে আলোচনা তৈরি করেছেন। পর্দার কাজের চেয়ে ব্যক্তিগত জীবন ও সরাসরি বক্তব্যের কারণে বেশি আলোচনায় থাকা এই অভিনেত্রী এবার ‘ভদ্রতার কোনো মূল্য নেই’ বলে মন্তব্য করে নেটিজেনদের দৃষ্টি কাড়লেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে মিষ্টি জান্নাত লিখেছেন, ‘ভদ্র ব্যবহারের কোনো মূল্য নেই এই সমাজে। তাই আবার আগের ফর্মে ফেরত আসলাম।’ হঠাৎ এমন মন্তব্যে তার অনুসারীদের মধ্যে কৌতূহল তৈরি হলেও অনলাইনে বড় একটি অংশ তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন। মন্তব্যের ঘরে অনেকেই লিখেছেন, ‘একদম ঠিক কথা বলেছেন’ কিংবা ‘সঠিক সিদ্ধান্ত’।
এর আগেও নিজের ক্যারিয়ার ও পেশাদার অবস্থান নিয়ে খোলামেলা কথা বলেছেন মিষ্টি জান্নাত। এক পোস্টে তিনি জানান, সিনেমায় ছোট বা অসম্মানজনক চরিত্রে কাজ করার চেয়ে প্রস্তাব ফিরিয়ে দেওয়া বেশি সম্মানের। কাজ কম হলেও আত্মসম্মান বিসর্জন দিতে রাজি নন বলেও স্পষ্ট করেন তিনি।
২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের। অভিনয়ের পাশাপাশি তিনি দন্তচিকিৎসক হিসেবেও পরিচিত। তবে বিভিন্ন সময়ে তার দেওয়া মন্তব্য বিনোদন অঙ্গনে বিতর্কের জন্ম দিয়েছে। এবার ‘ভদ্রতার কোনো মূল্য নেই’—এই বক্তব্যের মাধ্যমে তিনি ঠিক কোন অভিজ্ঞতা বা বাস্তবতার ইঙ্গিত দিয়েছেন, তা নিয়েই বিনোদন অঙ্গনে চলছে নানা আলোচনা।