আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফশিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই সঙ্গে চলছে তল্লাশি। বসানো হয়েছে ব্যারিকেড। সাধারণ মানুষের চলাচলও সীমিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে এক ভাষণে নির্বাচনের তফশিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তফশিলে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ, মনোনয়নপত্র উত্তোলন, জমা, প্রত্যাহারের তারিখ জানা যাবে। এ ছাড়া প্রার্থীদের আচরণবিধি, ভোটারের উদ্দেশ্যে দিক নির্দেশনাসহ নানা বিষয় উঠে আসবে তফসিলে।
তফসিল ঘোষণার প্রথা অনুযায়ী, গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি ও চার নির্বাচন কমিশনার। এর আগে গত মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং গত রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও বৈঠক করে কমিশন।
ইসি সচিব জানান, সাক্ষাতের সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। একই দিনে দুটি ভোট গ্রহণের আয়োজন, ব্যালট পেপারের নকশা, মক ভোটিং (মহড়া) এবং ভোট গণনা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা চান রাষ্ট্রপতি। ব্রিফিং শেষে প্রস্তুতির বিষয়ে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান তিনি।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ১৬ মাসের মাথায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে ইসি।