জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনের লক্ষ্যে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট: ফেজ-২’ চালু করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযান আরও জোরদার ও বেগবান করতে এবং ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনের উদ্দেশ্যে কোর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ‘অপারেশন ডেভিল হান্ট: ফেজ-২’ অবিলম্বে শুরু করা হবে।
তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদারকিতে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
ওসমান হাদির ওপর হামলার প্রসঙ্গ টেনে জাহাঙ্গীর আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ওসমান হাদির ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অন্তর্বর্তী সরকার গভীর দুঃখ প্রকাশ করছে। বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে।
তিনি জানান, এ ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে তিনি জনগণের সহযোগিতা কামনা করে বলেন, খুব দ্রুত সময়ের মধ্যেই দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে সরকার আশাবাদী।
স্বরাষ্ট্র উপদেষ্টার মতে, ওসমান হাদির ওপর হামলার ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস। নির্বাচন বানচাল বা বাধাগ্রস্ত করার যেকোনো চেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হাতে দমন করবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও জানান, ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনার সঙ্গে জড়িতদের ধরিয়ে দিতে পারলে সরকারের পক্ষ থেকে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে তিনি হাদির দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেন।
আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, এতদিন আগ্নেয়াস্ত্রের লাইসেন্স মূলত সামরিক ও বেসামরিক কর্মচারীদের অনুকূলে দেওয়া হতো। এখন জাতীয় নির্বাচনের প্রার্থীদের মধ্যে যারা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইবেন, তাদের ক্ষেত্রেও লাইসেন্স ইস্যু করা হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তার নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিয়েছে এবং তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।