ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়তে থাকা সহিংসতা ও নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষাপটে সব রাজনৈতিক দলের জন্য সমন্বিত নিরাপত্তা প্রটোকল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পুলিশের পক্ষ থেকে প্রস্তুত করা এ প্রটোকল শিগগিরই রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে।
রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নিরাপত্তা প্রটোকলে রাজনৈতিক নেতা ও আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা থাকবে। এর মধ্যে তাদের বাসস্থান, দলীয় কার্যালয়, দৈনন্দিন চলাচল, জনসভা ও রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সাইবার স্পেসে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গণঅভ্যুত্থানের সম্মুখসারিতে থাকা নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদের জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।
সাম্প্রতিক সময়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণনাশের উদ্দেশ্যে হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়। এ ঘটনার পাশাপাশি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক নেতাদের হত্যা ও হত্যাচেষ্টার ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং নির্বাচনকালীন রাজনৈতিক কার্যক্রম নিরাপদ করতে সরকারের এই উদ্যোগকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল।