তিন দফা দাবি মানতে সরকারকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র—এই তিন উপদেষ্টার পদত্যাগ দাবিতে আন্দোলনের ঘোষণা দেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর উপস্থিতিতেই এ আলটিমেটাম দেন ডাকসু ভিপি।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সাদিক কায়েম বলেন, অনতিবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন দেখা না গেলে সংশ্লিষ্ট তিন উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করতে আন্দোলনে নামা হবে। বক্তব্য দেওয়ার সময় তাঁর পাশেই দাঁড়িয়ে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, যাকে কিছুটা বিব্রত অবস্থায় দেখা যায়।
সাদিক কায়েম প্রথম দাবিতে বলেন, শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী—সবার গ্রেপ্তার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গোয়েন্দা সংস্থাসহ রাষ্ট্রের সব সংশ্লিষ্ট অর্গানকে দ্রুত জবাবদিহির আওতায় আনতে হবে। যাদের গাফিলতি প্রমাণিত হবে, তাদের বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি। পাশাপাশি এই হামলাকে সমর্থন জুগিয়েছে এবং হাদি ও জুলাই বিপ্লবীদের হত্যাযোগ্য করে তুলেছে—এমন ‘কালচারাল ফ্যাসিস্টদের’ সামাজিকভাবে সম্পূর্ণ বয়কটের আহ্বান জানান ডাকসু ভিপি।
দ্বিতীয় দাবিতে তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান চালাতে হবে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সব সন্ত্রাসীকে গ্রেপ্তার এবং সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এ বিষয়ে সরকারের অবহেলা আর মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তৃতীয় দাবিতে সাদিক কায়েম বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে দেওয়া রায় কার্যকর করতে হবে।