ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী গাড়ি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশে নেওয়া হচ্ছে। তার জানাজা শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে কবি নজরুল ইসলামের পাশে সমাহিত করা হবে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, ‘শহীদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশে যাত্রা শুরু করেছে। সেখানে মরদেহ রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নেবেন।’
এতে আরও জানানো হয়, পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল মিছিলসহ তাকে সেন্ট্রাল মসজিদে আনা হবে।
ইনকিলাব মঞ্চের পোস্টে ছাত্র-জনতাকে আজ ও আগামীকাল শৃঙ্খলার সঙ্গে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়, যাতে কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্তিমিত করতে না পারে এবং সহিংসতার সুযোগ না পায়।
এ ছাড়া জানানো হয়, মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না। সবাইকে শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি শহীদ ওসমান হাদির জন্য দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।