রাজধানীর তোপখানা রোডে অবস্থিত উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সাড়ে সাতটার দিকে দেওয়া এ আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ৮টা ১৩ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয়দের বরাতে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে একদল লোক উদীচী কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায়। একপর্যায়ে ভবনের ভেতরে আগুন ধরিয়ে দেওয়া হলে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টা ৪২ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়। টানা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।