বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান আন্দোলন দমাতে টেলিফোনে নানা আলাপ করেন। এর মধ্যে দুইজনের কথোপকথনের একটি কল রেকর্ডে উঠে আসে আন্দোলনকারীদের 'শেষ করে দেওয়ার' কথা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি)- সেই কল রেকর্ড শুনে হাসেন আনিসুল হক ও সালমান এফ রহমান।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের বেঞ্চে মানবতাবিরোধী অপরাধের মামলায় এই দুই আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির সময় এ ঘটনা ঘটে।
শুনানিতে প্রসিকিউশনের পক্ষে নেতৃত্ব দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, ফারুক আহাম্মদ, তারেক আবদুল্লাহ, মঈনুল করিম, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যান্য প্রসিকিউটররা।
শুনানির শুরুতে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানান, জুলাই আন্দোলন দমনে কারফিউ জারি করে গণহত্যায় উসকানি দেওয়ার অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আজ অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এরপর তিনি তাদের বিরুদ্ধে আনা সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ পড়ে শোনান।
এ পর্যায়ে চিফ প্রসিকিউটর একটি অডিও কল রেকর্ড বাজানোর অনুমতি চান এবং বলেন, এই রেকর্ডের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তি স্পষ্ট হবে। ট্রাইব্যুনালের অনুমতিতে ২০২৪ সালের ১৯ জুলাইয়ের একটি ফোনালাপ বাজানো হয়।
অডিওতে শোনা যায়, সালমান এফ রহমানকে আনিসুল হক আন্দোলন দমনে আন্দোলনকারীদের শেষ করে দেওয়ার কথা বলছেন। শুধু তাই নয় কারফিউ দিতে বার বার অনুরোধ করা হচ্ছে বলেও শোনা যায়। একপর্যায়ে ‘এগুলো ফোনে বলা উচিত নয়’—এমন মন্তব্যও শোনা যায়।
এ সময় নিজেদের ফোনের অডিও শুনে নিজেরাই হাসতে থাকেন সালমান এফ রহমান ও আনিসুল হক। নিজেদের মধ্যে কথা বলতেও দেখা যায় তাদের।
শুনানি শেষে চিফ প্রসিকিউটর এই দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান।
এর আগে গত ৪ ডিসেম্বর সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আনুষ্ঠানিক চার্জ দাখিল করে প্রসিকিউশন। পরবর্তী শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেয়।
প্রসঙ্গত, জুলাই অভ্যুত্থানের সময় কারফিউ জারি করে গণহত্যায় উসকানি, নির্দেশনা ও সহায়তার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।