নরসিংদী থেকে আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে নরসিংদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তারের পর আতাউর রহমান বিক্রমপুরীকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অনুরোধে এই গ্রেপ্তার কার্যকর করা হয়েছে। আতাউর রহমানের বিরুদ্ধে তিন মাসের ডিটেনশন (আটক) আদেশ রয়েছে। ওই আদেশ বাস্তবায়নের জন্য জিএমপির পক্ষ থেকে ডিএমপিকে অনুরোধ জানানো হয়েছিল।
ডিসি মুহাম্মদ তালেবুর রহমান আরও জানান, গ্রেপ্তারের পর আতাউর রহমান বিক্রমপুরীকে গাজীপুর মহানগর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে আদালতে পাঠানো হতে পারে।
পুলিশ সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আতাউর রহমান বিক্রমপুরীর বিরুদ্ধে এই আটকাদেশ কার্যকর করা হয়েছে।
এদিকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লা আল মামুন গণমাধ্যমকে জানিয়েছেন, আতাউর রহমান বিক্রমপুরীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ রাখা হয়েছে।