দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আগামীকাল রোববার (২৮ ডিসেম্বর) শপথ নেবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করাবেন। এদিন সকাল ১০টায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এসব তথ্য জানান।
বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের উত্তরসূরি হিসেবে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে গত ২৩ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করা হয়। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১১ আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। অবসরের বয়সসীমা অনুযায়ী শনিবার তিনি অবসরে যান।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর জন্ম ১৯৬১ সালের ১৮ মে। সে হিসাবে তার ৬৭ বছর পূর্ণ হবে ২০২৮ সালের ১৭ মে। অর্থাৎ প্রায় আড়াই বছর পর তিনি অবসরে যাবেন।
প্রয়াত বিচারপতি এ এফ এম আবদুর রহমান চৌধুরী ও বেগম সিতারা চৌধুরীর সন্তান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরে তিনি যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে এলএলএম সম্পন্ন করেন।
তিনি ১৯৮৫ সালে জজকোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং ২০০৫ সালে তার নিয়োগ স্থায়ী হয়। সর্বশেষ ২০২৪ সালের ১৩ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারক হিসেবে শপথ নেন।