স্ত্রী ও নয় মাসের শিশু সন্তানের মৃত্যুতে বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি না পাওয়া নিয়ে করা প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন কৃষি মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে কৃষির সার্বিক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ ঘটনা ঘটে।
ব্রিফিং শেষে প্রশ্নোত্তর পর্বে একজন সাংবাদিক যশোরে ঘটনার বিষয়ে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় তিনি বলেন, “না, আমি কৃষি ছাড়া কোনো উত্তর দেব না।”
এরপর আরেকজন সাংবাদিক স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে তাঁর দায়িত্বের কথা উল্লেখ করলে জবাবে তিনি বলেন, “না, স্বরাষ্ট্রের সময় আমি ডাকব।”
এক পর্যায়ে একজন সাংবাদিক ‘আপনি তো দায়বদ্ধ’ মন্তব্য করলে উপদেষ্টা বলেন, “না, আমি দায়বদ্ধ নই। আজকে আমি কৃষির জন্য ডেকেছি। আমি কৃষি ছাড়া বলব না। আপনারা কৃষির ওপর জিজ্ঞেস করবেন। যেহেতু কৃষকদের সমস্যাগুলো আপনারা বলেন না। এগুলো হলো সমস্যা।”
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “ছাত্রলীগ-আওয়ামী লীগের ভেতরে জামিন দেওয়া না, ক্রিমিনালদের জামিন দেওয়ার বিরুদ্ধে। কৃষির বিষয়ে প্রশ্ন করেন।”
এরপর আবারও যশোরের ঘটনার প্রসঙ্গ তোলা হলে তিনি সম্মেলনস্থল ত্যাগ করেন।