স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সিলেটে নির্বাচনের সার্বিক প্রস্তুতি অত্যন্ত ভালো এবং প্রত্যাশার চেয়েও উন্নত। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুত রয়েছে।
বুধবার সিলেটে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবারের নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। প্রতিটি কেন্দ্রে সুরক্ষা অ্যাপ চালু থাকবে। পাশাপাশি সিসি ক্যামেরা, বডি ক্যামেরা ও ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। ড্রোনের মাধ্যমে নজরদারি করা হলেও সব কেন্দ্রে ড্রোন থাকবে না। প্রতিটি কেন্দ্রে ১০ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন, যার মধ্যে ছয়জন পুরুষ ও চারজন নারী। এদের মধ্যে তিনজন থাকবেন আর্মড আনসার।
তিনি বলেন, নির্বাচনকালীন নিরাপত্তায় সেনা, নৌ ও বিমানবাহিনী, র্যাব, বিজিবি, কোস্টগার্ড ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স থাকবে। পাশাপাশি মোবাইল টিমও দায়িত্ব পালন করবে। তার ভাষায়, এবারের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই।
অন্য নির্বাচনের সঙ্গে তুলনা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের প্রস্তুতি আগের যেকোনো সময়ের চেয়ে ভালো। নির্বাচনী কাজে যুক্ত কর্মকর্তাদের মধ্যে কোনো রাজনৈতিক পক্ষপাত নেই উল্লেখ করে তিনি বলেন, সবাই সৎভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রস্তুত।
সরকারি কর্মকর্তাদের গণভোটের পক্ষে প্রচার প্রসঙ্গে একজন নির্বাচন কমিশনারের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনি ওই বক্তব্য শোনেননি, তাই এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পুলিশ–এর মহাপরিদর্শক বাহারুল আলম। সভায় সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীসহ সিলেট মেট্রোপলিটন পুলিশ, জেলা ও রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজিবি ও সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।